নাটোরের গুরুদাসপুরে ডাকাতদের হামলায় গৃহকর্তা খুন ॥ ৩ ডাকাত আটক

নাটোরের গুরুদাসপুরে ডাকাতদের হামলায় গৃহকর্তা খুন ॥ ৩ ডাকাত আটক

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা হারেজ আলী (৭৫) নামে গৃহকর্তা বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। এসময় বাধা দেওয়ায় নিহতের স্ত্রীকে ও কুপিয়ে জখম করেছে ডাকাতরা। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাসুদ, সুমন ও মনির নামে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা সিল্কি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন জানান, ছেলে প্রবাসে থাকায় বাড়িতে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে বসবাস করতেন হারেজ আলী। এ সুযোগে মঙ্গলবার ভোরের দিকে উপজেলার বৃ-চাপিলা ইউনিয়নের সিল্কি গ্রামে হারেজ আলীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেলে তাদের বাধা দিতে গেলে বৃদ্ধ হারেজসহ তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাত দল। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের আটক করে ধরে রাখে। এতে ঘটনাস্থলে বৃদ্ধ হারেজ আলীর মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *