শুক্রবার বিকেল থেকে মেট্রোরেল চলাচল ॥ খুলছে কাজীপাড়া স্টেশন

কয়েক’শ কোটির স্থলে খরচ ২০ লাখ ৫০ হাজার

শুক্রবার বিকেল থেকে মেট্রোরেল চলাচল ॥ খুলছে কাজীপাড়া স্টেশন

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলাচল করবে ঢাকার গণপরিবহন ব্যবস্থার অন্যতম সংযোজন মেট্রোরেল। তবে শুক্রবার যাত্রী পরিবহন শুরু হয় বিকেল তিনটা থেকে। চলে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এ তথ্য জানান। যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারও মেট্রো চালানোর দাবি ছিল অনেকদিনের। সেই আক্ষেপ এবার দূর হলো নগরবাসীর, এবার শুক্রবারও চলবে মেট্রোরেল। আব্দুর রউফ বলেন, প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন। চাহিদার প্রেক্ষিতে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর-১০ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েক’শ কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামীলীগ সরকার। কিন্তু মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *