কক্সবাজারে অস্ত্র উদ্ধার অভিযানে ‘ডাকাতের গুলিতে’ সেনা কর্মকর্তা নিহত

কক্সবাজারে অস্ত্র উদ্ধার অভিযানে ‘ডাকাতের গুলিতে’ সেনা কর্মকর্তা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টায় ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। পরে তাকে কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার ভোরে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। নিহত তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান। ওসি মনজুর কাদের আরও বলেন, সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *