বগুড়ায় সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত

বগুড়া জেলার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দরগাহাটের ক্যালারপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁ জেলার ধামুরহাট এলাকার টগর আলী (৩৫), তানসেন (৬০) ও আব্দুর রহমান (৩৫) এবং প্রাইভেট কারের চালক সুমন। এছাড়া আহত সাকিল (২০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাহালু থানার ওসি আম্বার হোসেন ও কাহালু ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইনসপেক্টর রুবেল রানা জানান, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বগুড়া থেকে নওগাঁ অভিমুখী একটি পিকআপভ্যান কাহালু উপজেলার ক্যালারপুকুর নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ জন মারা যায়। এ সময় গুরুতর আহত হন ২ জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় আরও ১ জন মারা যান। জানা গেছে, দুর্ঘটনায় নিহত টগর আলীর পিতা তানসেন ইসলাম ক্যান্সারের রোগী। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন ছেলে টগর। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, ঘটনার পরপরই পিকআপ চালক এবং চালকের সহযোগী পালিয়ে যায়। তবে পিকআপ এবং প্রাইভেট কার উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এঘটনায় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *