বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬ কোটি টাকার ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ এপ্রিল) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই পণ্য জব্দ করে হয়। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান,পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটক্যাট চকলেট, ফুচকা, শুঁটকি, পান এবং চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *