ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ডাকাতদলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের আখাউড়া উপজেলার ধরখার কবরস্থান সংলগ্ন ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করে রোববার তাদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলো-ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ গ্রামের হাসান আলীর ছেলে ফাহাদ (৩২) এবং আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের আবু সাঈদের ছেলে রাফিকুল ইসলাম (২৮)। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। কয়েকজন পালিয়ে গেলেও দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে ২টি টিপ ফোল্ডিং ছুরি, ১টি স্টিলের হাতলযুক্ত চাইনিজ কুড়াল ও কাঠের হাতলযুক্ত বড় হাতুরি উদ্ধার করা হয়। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *