একযোগে ইউআইইউ ভিসি-ডিন ও বিভাগীয় প্রধানদের পদত্যাগ

একযোগে ইউআইইউ ভিসি-ডিন ও বিভাগীয় প্রধানদের পদত্যাগ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক আবুল কাসেম মিয়া শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়টির সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকরাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন ভিসি আবুল কাসেম মিয়া। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়। ফেসবুক পোস্টে উপাচার্যের পদত্যাগপত্র ও ১০ জন ডিন, বিভাগীয় প্রধান এবং পরিচালকের সই সংবলিত পদত্যাগপত্রের ছবি শেয়ার করা হয়েছে। এদিকে পদত্যাগ করা বাকি ১০ জন শিক্ষক তাদের পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, কিছু শিক্ষার্থীর অন্যায় দাবি-দাওয়ার প্রতিবাদে আমরা নিম্নস্বাক্ষরকারীরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করছি। এতে সই করেছেন মো. রেজওয়ান খান, এসওএসই অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাসান সারওয়ার, মোহাম্মদ ওমর ফারুক, খন্দকার আব্দুল্লাহ আল মামুন, মো. কে মাসুকুর রহমান, ড. তাহমিনা ফয়েজ, ড. সুমন আহমেদ, ড. জান্নাতুন নুর মুক্তা, ড. এস এম রফিকুল ইসলাম, ডিরেক্টর (কো-অর্ডিনেশন) অধ্যাপক এ এস এম সালাহউদ্দিন। উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়া তার পদত্যাগপত্রে লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী অগ্রহণযোগ্য ও অসম্মানজনক পরিস্থিতি সৃষ্টি করায় আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *