নাটোরে ধানের ট্রাকে চাঁদাবাজির সময় তিনজন আটক

নাটোরে ধানের ট্রাকে চাঁদাবাজির সময় তিনজন আটক

নাটোরের সিংড়ায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শেরকোল ইউনিয়ন বিএনপি নেতা ও শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন।
জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয় দুটি ট্রাক। ট্রাক দুটি শেরকোল শাহী বাজারে আসলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে তারা। এরপর ধানের মালিক আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ধানের মালিক আবু বক্কর বলেন, ধানের ট্রাক রওনা দেওয়ার পরে কয়েকজন এসে আমাদের ট্রাকে চাঁদা দাবি করে। আমি থানায় অবস্থান করছি। আইনগত সহায়তা নেয়ার জন্য। সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, চাঁদাবাজির অভিযোগে ৩জনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *