ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন নেতার আপত্তিকর পোস্ট
সাংবাদিক আনোয়ার হোসেন দিলুকে নিয়ে আপত্তিকর পোস্টে সাংবাদিকদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন দিলুকে নিয়ে দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার আপত্তিজনক পোষ্ট নিয়ে জেলার সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাংবাদিক সমাজ বিষয়টির তিব্র নিন্দা, প্রতিবাদ জানিয়েছেন। এঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ওই নেতার বিরুদ্ধে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। জানা গেছে, গত ২৯ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোত্তাসিন বিশ্বাস নামীয় অ্যাকাউন্ট থেকে চাঁপাইনাবগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলুকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেয়া হয়। মোত্তাসিন বিশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দেয়া পোস্টে লেখা হয় “প্রথম আলো পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি একজন হলুদ সাংবাদিক। চাঁপাইনবাবগঞ্জ নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবেন না। ফ্যাসিস্টের দালালি করবেন না। ইন্ডিয়ার দালালি করবেন না। এই ধরনের দালালি করলে আমরা বরদাস্ত করব না। সত্য লিখুন না হলে আপনিও ছাড় পাবেন না।” এছাড়াও আনোয়ার হোসেন দিলুর দুটি ছবিতে লাল রঙের ক্রস চিহ্ন ব্যবহার করেছেন। যা মানুষকে আতংকগ্রস্থ করে।
বিষয়টি নজরে আসার পর মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফরম চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’র জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিটিজেএ) সভাপতি রফিকুল আলম। এতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-সিটিজেএ’র নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ মোত্তাসিন বিশ্বাসের পোস্টে আপত্তিকর ও হুমকিস্বরূপ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পরিবর্তিত বাংলাদেশে একজন পেশাদার সাংবাদিককে নিয়ে আপত্তিজনক ও হুমকিস্বরূপ বক্তব্য কোনভাবেই কাম্য নয়। সভায় আরও বলা হয়, যে সব অধিকারের আকাংক্ষা নিয়ে ২৪ এর গণঅভ্যুত্থান হয়, তারমধ্যে অন্যতম একটি হচ্ছে বাকস্বাধীনতার অধিকার। একজন পেশাদার সাংবাদিককে নিয়ে ফেসবুকে এমন পোস্ট সেই আকাংক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এটা স্বাধীন সাংবাদিকতার উপর হস্তক্ষেপ, যা আমাদের উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত করেছে। তাই অবিলম্বে মোত্তাসিন বিশ্বাস তার দেয়া পোস্টটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ বা সংগঠনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া না হলে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ তথা চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-সিটিজেএ সম্মিলিতভাবে কর্মসূচি দিতে বাধ্য হবে। সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়-বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে লিখিতভাবে অবহিত করা হবে। এরপর তারা পরবর্তী তিন দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর কোনও পদক্ষেপ না নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাবতীয় সংবাদ বর্জন করা হবে। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোঃ মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এঘটনায় মঙ্গলবার রাতে একটি জিডি গ্রহণ করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply