রাজশাহীতে ‘তান্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

রাজশাহীতে ‘তান্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

রাজশাহীতে ‘তান্ডব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামে এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী মেডিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন। রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তান্ডব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা। রাফী বলেন, সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানায়নি। অল্প বয়সে তার এমন মৃত্যু আমাদের জন্য কষ্টকর। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি। আমরা চেষ্টা করব তার পরিবারের পাশে থাকার। সহকারী ফাইট ডিরেক্টর ও স্টানম্যান নেপালীর সঙ্গে কাজ করতেন মনির। অসুস্থ হওয়ার পর মনিরকে হাসপাতালে নিয়েছিলেন নেপালী। তিনি বলেন, সকাল থেকে ভালোই কাজ করছিল। সবার সঙ্গে হাসিঠাট্টা, গল্প করছিল। আমাদের শট শেষ হয় বিকেলের দিকে। তারপর হঠাৎ তার মাথাঘোরা, বমি শুরু হয়েছে। হাসপাতালে নিয়ে যাই, ডাক্তার বললেন সে মারা গেছে। স্ট্রোক করেছে। মনির ঢাকার নারায়ণগঞ্জে থাকতেন। বেশ কয়েকবছর ধরেই স্টানম্যান হিসেবে চলচ্চিত্রাঙ্গনে তিনি কাজ করছিলেন। কোরবানির ঈদে ‘তান্ডব’ সিনেমার মুক্তির কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এই সিনেমার মাধ্যমেই তার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *