ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধাবস্থার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকার। উভয় দেশকে শান্তি বজায় রাখা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত বুধবার প্রথম প্রহরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলা বর্ষণ করে। পাকিস্তানের দাবি, ভারতীয় হামলায় তাদের অন্তত ২৬ জন নিহত হয়েছে। অন্যদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত দশজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির পুলিশ। এই পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হওয়ায় জাতিসংঘসহ বিভিন্ন দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি ঘোলাটে করে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আঞ্চলিক শান্তি, প্রগতি এবং স্থিতিশীলতার মনোভাব থেকে বাংলাদেশ আশা করছে, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমে আসবে এবং এ অঞ্চলের মানুষের মঙ্গলের স্বার্থেই শান্তি বজায় থাকবে।
Leave a Reply