ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই
ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে আসামী ছিনতাই এর ঘটনা ঘটেছে। বুধবার (৭ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার আরাজী পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। ছিনতাই হওয়া আসামি শাহজাহান আলী (৪৮) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের আরাজী পাইকপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। শাহজাহান আলীর বিরুদ্ধে মাদক, প্রতারণাসহ ১৪টি মামলা রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকার আরাজী পাইকপাড়া গ্রামে আসামি শাহজাহান আলীকে ধরতে একটি অভিযান পরিচালনা করে। এসময় আসামি শাহজাহানকে ধরতে সক্ষমও হয় পুলিশ। তবে হঠাৎ আশপাশ থেকে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে পুলিশের হাত থেকে আটককৃত শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট পুলিশ সদস্য থাকলে আসামি ফসকে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এ ঘটনায় পুলিশের পক্ষে থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। আর শাহজাহান আলীকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত রয়েছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply