রংপুরে ২৬৩ বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত
রংপুর জেলার এক হাজার ৪৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এতে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। নানা কাজে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক ও সংশ্লিষ্টদের। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, রংপুরে প্রধান শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদের সংখ্যা সর্বমোট ২৬৩টি। যার মধ্যে কাউনিয়া উপজেলায় ১১টি, পীরগঞ্জ উপজেলায় ৩৬টি, গঙ্গাচড়ায় ৯টি, তারাগঞ্জে ৮টি, পীরগাছায় ৫৬টি, বদরগঞ্জে ৩৩টি, মিঠাপুকুরে ৮৫টি এবং রংপুর সদর উপজেলায় ২৮টি পদ শূন্য রয়েছে। উল্লেখ্য, প্রধান শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য আসনের ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের কথা বলা হয়েছে। বাকি ৬৫ শতাংশ শূন্য পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার কথা বলা হয়েছে। নিয়োগে, পদোন্নতিতে ধীরগতির কারণে দুরবস্থায় পড়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো। আরও জানা গেছে, গ্রেডেশন তালিকা অনুযায়ী সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার কাজ চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কেউ না কেউ প্রতিনিয়তই অবসরে যাচ্ছেন। অবসরের গতির তুলনায় পদোন্নতি ও সরকারি নিয়োগের গতি কম। এভাবে চললে কখনই শূন্য পদ পূরণ হবে না। সাধারণত, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি যদি দীর্ঘদিন ধরে শূন্য থাকে তাতে লেখাপড়া ব্যাহত হয়। চারজন শিক্ষকের একজনকে চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে কাজ চালানো হয়। তাকে প্রায় প্রতিদিন উপজেলা পর্যায়ে বিভিন্ন সভা, সেমিনারে অংশগ্রহণ এবং নানা প্রশাসনিক কাজ করতে হয়। আবার দায়িত্বপ্রাপ্তদের অধিকাংশ মহিলা হওয়ায় তাদের মাতৃত্বকালীন ছুটি বা অন্য ছুটি কাটাতে হয়। অনেকে প্রশিক্ষণে থাকেন। ফলে চারজনের দুজনকে বিদ্যালয় চালাতে হয়। সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলে তাদের নির্দেশ মানেন না অনেক শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম বলেন, আমাদের স্কুলে অনেক শিক্ষার্থী, সে তুলনায় শিক্ষক সংকট। আগে প্রধান শিক্ষক ছিলেন। কিন্তু এখন না থাকায় অনেক সমস্যা হচ্ছে। এক শিক্ষার্থীর অভিভাবক আফজাল হোসেন বলেন, একটি স্কুলে একজন প্রধান শিক্ষক হলেন প্রধান অভিভাবক। তার অনুপ¯ি’তিতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। এতে করে পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের চাহিদা কমে যায়। রংপুর জেলার প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, বদলি, অবসরজনিত কারণসহ নানা কারণে প্রধান শিক্ষককের এতগুলো পথ খালি হয়েছে। আমরা জেলার সম্ভাব্য শূন্য পদের প্রধান শিক্ষকদের তালিকা তৈরি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি। সিদ্ধান্ত আসলে দ্রুত শূন্য পদে নিয়োগের ব্যবস্থা হবে।
Leave a Reply