নওগাঁর বদলগাছীতে রাজশাহী মেয়রের এপিএসসহ গ্রেপ্তার-৫

নওগাঁর বদলগাছীতে রাজশাহী মেয়রের এপিএসসহ গ্রেপ্তার-৫

নওগাঁর বদলগাছীতে বিশেষ অভিযান চালিয়ে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (এপিএস) আব্দুল ওয়াহেদ খান টিটুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোররাতে উপজেলার চাকরাইল এলাকা থেকে টিটুকে এবং তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে ওই বাড়ির মালিক আব্দুল ওহাব চৌধুরী সাগরকে গ্রেপ্তার করা হয়। একই দিনে পৃথক অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াহেদ খান টিটু (৪০) রাজশাহীর বোয়ালিয়া থানার রাণীবাজার এলাকার মৃত আব্দুল ওয়াদুদ খানের ছেলে এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বাড়ির মালিক আব্দুল ওহাব চৌধুরী সাগর (৪৫) চাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদ চৌধুরীর ছেলে এবং স্থানীয় বিএনপির একজন প্রভাবশালী অনুসারী হিসেবে পরিচিত।
অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন, আধাইপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আমিনুল ইসলাম উজ্জল (৪০), রাজাপুর এলাকার আওয়ামী লীগ সমর্থক মিলন হোসেন (৩৮) এবং বালুভরা ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থক পুলকেশ সরকার (৫২)। স্থানীয় সূত্রে জানা যায়, টিটু বাড়ির মালিক সাগরের স্ত্রীর বড় বোনের স্বামী। সেই সূত্রে গত বুধবার রাতে তিনি সাগরের বাড়িতে বেড়াতে এসে আত্মগোপন করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বাড়িটি ঘিরে রাখে এবং পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম মুঠোফোনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিটু ও বাড়ির মালিক সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে চারজনকে গত বছরের ৫ নভেম্বরের গোবরচাঁপা হাট এলাকার ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে বাড়ির মালিক সাগরের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *