সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং সংলগ্ন এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১০ মে) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোডসহ পার্শ্ববর্তী এলাকাতেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয় এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে ফের গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। এতদিন শাহবাগও এই নিষেধাজ্ঞার আওতায় ছিল, এখন শাহবাগকে বাদ দিয়ে নতুন করে গণবিজ্ঞপ্তি দেওয়া হল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত যমুনার সামনে বিক্ষোভ, সমাবেশ এবং এর পর থেকে শাহবাগে টানা অবরোধ চলার মধ্যে শনিবার ডিএমপির এ নির্দেশনা এল। সেখানে বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে’ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত এনসিপিসহ অন্য সংগঠনগুলো শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে আসছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ওই অবস্থান না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। এদিকে জনগণের ভোগান্তি কমাতে সড়ক ছেড়ে ‘সঠিক’ জায়গায় দাবি-দাওয়া তুলে ধরতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
Leave a Reply