ইশরাক সমর্থকদের অবস্থানে নগর ভবন অবরুদ্ধ, কর্মকর্তা-কর্মচারীরা বাইরে

ইশরাক সমর্থকদের অবস্থানে নগর ভবন অবরুদ্ধ, কর্মকর্তা-কর্মচারীরা বাইরে

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ করেন বিক্ষোভকারীরা। ফলে বৃহস্পতিবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে ঢুকতে পারছিলেন না। বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকরাও ভোগান্তিতে পড়েন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে বুধবার নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করে কয়েক’শ মানুষ। এই দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা নগর ভবনের প্রধান ফটক থেকে মূল ভবনের সামনের ফাঁকা জায়গা, নগর ভবনের নিচতলার বিভিন্ন স্থানে অবস্থান নেন। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কর্মসূচীতে আসা একজন বলেন, “ইশরাক হোসেনকে মেয়র করে গেজেট হয়েছে। কিন্তু তার শপথ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এটা চলবে না। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিতে হবে।” বিক্ষোভকারীরা নগর ভবনের প্রধান ফটকসহ প্রবেশপথগুলো আটকে রাখেন। তাতে নগর ভবনে কেউ ঢুকতে পারছেন না বলে জানান প্রকৌশল শাখার কর্মকর্তা রাসেল মাহমুদ। তিনি সাংবাদিকদের বলেন, বিক্ষোভকারীরা সকাল থেকেই নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। আমাদের কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না। উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামীলীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।
অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন-ইসি। কিন্তু অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের শপথের আয়োজন এখনো হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবী, বিষয়টি কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, এখন পর্যন্ত সবকিছু হয়েছে আইন মেনে। তারপরও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দিতে টালবাহানা করছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তো আর কোর্টের চেয়ে বেশি ক্ষমতা দেখাতে পারে না। আরেকজন সাইফুল ইসলাম বলেন, “নগরবাসী সিটি করপোরেশনকে নিয়মিত ট্যাক্স দিচ্ছে। কিন্তু নাগরিক সেবা পাচ্ছে না। মেয়র না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর জন্য কোর্ট রায় দিয়েছে, এটা যেন দ্রুত করা হয় সেজন্য আমরা এখানে এসেছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *