রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে ঐকমত্য কমিশন
সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটি, নিম্নকক্ষে নারী আসনসহ সংস্কার কমিশনগুলোর আরো কিছু সুপারিশ নিয়ে দেশের ৩০টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফার বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপাস হলে রুদ্ধদ্বার এই বৈঠকটি হয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপির ইসমাইল জবিহউল্লাহ, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, ন্যাশনাল রিপাবলিক পার্টির সারবিস আলম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, এলডিপির চৌধুরী হাসান সোহরাওয়ার্দী, বিএলডিপির সাহাদাত হোসেন সেলিমসহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। এছাড়া ঐকমত্যে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সেখানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানিয়েছেন, বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটি, নিম্নকক্ষে নারী আসন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে কমিশনের সদস্যদের। উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে সোমবার। সেদিন আলোচনার উদ্বোধন করেন কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রথম দিন বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, এনসিপিসহ দেশের ২৮টি রাজনৈতিক দল ও দুটি জোটের নেতারা অংশ নেন।

Leave a Reply