আমের বাজারে নতুন নিয়ম ॥ কেজি দরে কেনা-বেচা বাধ্যতামূলক

আমের বাজারে নতুন নিয়ম ॥ কেজি দরে কেনা-বেচা বাধ্যতামূলক

আমের বাজারে আসছে নতুন নিয়ম। রাজশাহী বিভাগে আমের কেনাবেচায় চালু হলো এক নতুন নিয়ম। আড়ত কিংবা বাজার-কোনো জায়গাতেই আর ‘মন’ দরে আম বিক্রি হবে না। সম্প্রতি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে রাজশাহীর আট জেলায় কেজি দরে আম কেনাবেচা বাধ্যতামূলক করা হয়েছে। সভায় জানানো হয়, আমের বাজারে স্বচ্ছতা আনা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও ভোক্তাদের সুরক্ষা দিতেই এই উদ্যোগ। এ প্রসঙ্গে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেন, ৬ জুন থেকে রাজশাহী বিভাগের আট জেলায় কেজি দরে আম বিক্রি হবে। কেউ প্রতারণার উদ্দেশ্যে অতিরিক্ত ওজনের আম দিলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নিয়ম বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি কৃষি বিভাগ, আড়তদার সমিতি ও গণমাধ্যমের সহযোগিতায় জনসচেতনতামূলক প্রচার চালানো হবে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো ধরনের ‘কমিশন-‘শলা’ কিংবা ‘কাটা আম’ কেনাবেচা করা যাবে না। এতে করে অতিরিক্ত ওজনের অপ্রয়োজনীয় আম দিয়ে কৃষকদের ঠকানোর সুযোগ বন্ধ হবে। সভায় রাজশাহীর আট জেলার জেলা প্রশাসক, ইউএনও, কৃষি কর্মকর্তা, আড়তদার সমিতির নেতৃবৃন্দ ও উদ্যোক্তা আমচাষীরা অংশ নেন। অনেক আমচাষী এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও কৃষকবান্ধব বলে মন্তব্য করেছেন। দীর্ঘদিন ধরে মন দরের নামে ঠকেছি। এবার কেজি দরে বিক্রি হলে সঠিক দাম পাব, লোকসান হবে না। রাজশাহীর প্রশাসনের এই উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীর আমের খ্যাতিকে শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও নতুন উচ্চতায় পৌঁছোতে সহায়ক হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *