নির্বাচনী হালচাল নওগাঁ-২
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় বিএনপির ৫ নেতা
নওগাঁ জেলার নওগাঁ-২ (ধামাইরহাট-পত্নীতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে ইতোমধ্যে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় রয়েছেন মোট ৫ সম্ভাব্য প্রার্থী। রাজনীতিতে যারা (ধামইরহাট-পত্নীতলা) দলীয় কর্মকাণ্ডে এবং মাঠ পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিএনপির আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীরা হলেন- সাবেক এমপি মোঃ সামসুজ্জোহা খান, আলহাজ্ব খাজা নাজিবুল্লা চৌধুরী, ইঞ্জিনিয়ার কে.এম এস. মুসাব্বির শাফি, আলহাজ্ব মাহবুবুর রাহমান চৌধুরী (চপল) এবং মোঃ ইসমাইল হোসেন (মোস্তাক)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন নীতিমালায় তিনটি গুরুত্বপূর্ণ যোগ্যতা নির্ধারণ করেছেন, এই তিনটি মূল যোগ্যতা হল- গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যিনি দল ও দেশের স্বার্থে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। যিনি এলাকাবাসীর কাছে একজন সৎ ও বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে পরিচিত। তার নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় ও গ্রহণযোগ্য। স্থানীয় পর্যায়ে মনোনয়ন প্রত্যাশীদের জনপ্রিয়তা, কার্যক্রম ও জনসম্পৃক্ততা যাচাই করতে দলের পক্ষ থেকে একাধিক জরিপ ও পর্যবেক্ষণ চলছে বলেও জানা গেছে। তৃণমূলের মতামতের ভিত্তিতেই শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। ধামইরহাট-পত্নীতলা আসনে বিএনপির এই ৫ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে কে চূড়ান্ত মনোনয়ন পাবেন, তা নিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে সচেতন নেতৃবৃন্দের মত, দলের দুঃসময়ে যিনি মাঠে থেকেছেন, তিনিই পাবেন চূড়ান্ত সম্মান। এমন একজন নেতাকেই দলীয় মনোনয়ন দেয়া প্রয়োজন।

Leave a Reply