নাটোরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৪
রাজশাহী থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিহত ওই শিক্ষার্থীর নাম সাগর হোসেন (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক মো. বাবু (৪২)। তিনি নাটোর সদর উপজেলার হারিগাছা গ্রামের বাসিন্দা। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও রাজশাহীর রাজপাড়া থানার কর্তব্যরত এএসআই মো. লাবলু চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঝলমলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সাগর হোসেনসহ তিনজন রাজশাহীর বানেশ্বরে আম কিনতে গিয়েছিলেন। তাঁরা বানেশ্বরে আম কিনে সিএনজিচালিত অটোরিকশায় করে নাটোরে আসছিলেন ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য। শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে তাঁদের বহনকারী অটোরিকশা বনবেলঘরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রাব্বী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মো. বাবুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাগরসহ তিন জনকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার আগেই সাগরের মৃত্যু হয়। অন্য দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১০টার কিছু পরে তাঁদের মৃত্যু হয়। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগীরা পালিয়েছেন।

Leave a Reply