নওগাঁয় ট্রাংক ভাঙায় রাজশাহী বোর্ডের প্রশ্নপত্রের সেট বাতিল

নওগাঁয় ট্রাংক ভাঙায় রাজশাহী বোর্ডের প্রশ্নপত্রের সেট বাতিল

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের একটি সেট বাতিল করা হয়েছে। নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম। তিনি বলেন, নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু প্রশ্নপত্রের যে সেট বাহিরে পাওয়া গেছে সেটি বাতিল করা হয়েছে। ওই সেটে পরীক্ষা নেওয়া হবে না। তিনি আরও বলেন, প্রশ্নপত্র সংরক্ষণের জন্য থানার ভল্ট বা মালখানা নির্ধারিত থাকলেও সেগুলো থানার হাজতে রাখা হয়েছিল, যেখানে একজন আসামিও অবস্থান করছিলেন। এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে পুলিশকে ব্যাখ্যা দিতে হবে বলেও জানান তিনি। এদিকে, ঘটনার পরপরই দায়িত্বে থাকা এসআই ও এক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। তিনি বলেন, মঙ্গলবার রাতে হাজতে থাকা এক আসামি ট্রাংকের সিলগালা ও তালা খুলে ফেলে ভেতরে থাকা প্রশ্নপত্র ছড়িয়ে দেন এবং কয়েকটি ছিঁড়ে ফেলেন। আসামির এক হাতে হাতকড়া থাকলেও অন্য হাত খোলা ছিল। নখ দিয়ে তিনি ট্রাংকের সিলগালা উঠিয়ে ফেলেন এবং তালা খোলেন। এরপর প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন। পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তিনি বলেন, এ ঘটনায় সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে আসামির বিরুদ্ধে নতুন করে একটি মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন জানান, ওই প্যাকেটে মোট ৫০টি প্রশ্নপত্র ছিল। সবগুলোই উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ছেঁড়া থাকলেও কোনো প্রশ্ন হারায়নি।
রাজশাহী শিক্ষা বোর্ড জানিয়েছে, এ বছর এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন। ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষাটি হবে আগামী ১৯ জুলাই। রাজশাহী বিভাগের আট জেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিবেন ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *