খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত ॥ গুলিবিদ্ধ ২

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত ॥ গুলিবিদ্ধ ২

খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার সোহাগের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন নামের এক যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে, মিরাজ নামে গুলিবিদ্ধ আরেক যুবক হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। পুলিশ দাবি করেছে, নিহত সাব্বির এবং গুলিবিদ্ধরা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। যে বাড়িতে ঘটনা ঘটেছে, সেই সোহাগও একজন শীর্ষ মাদক বিক্রেতা। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সোহাগের বাড়ির ভেতর গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে একজনের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়া হয়। রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, নিহত ও আহত তিনজনই গ্রেনেড বাবু গ্রুপের সদস্য। সাব্বির ও সাদ্দামসহ বেশ কয়েকজন যুবক ওই বাড়িতে অবস্থান করছিলেন। রাতে ৫-৭ জন দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় তাদের ওপর হামলা চালায়। সাব্বিরের মাথার পেছন থেকে একটি গুলি ঢুকে চোখ দিয়ে বেরিয়ে যায় এবং সাদ্দামের মাথার পেছনে গুলি বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ৬টি গুলির খোসা, ৪ রাউন্ড তাজা গুলি, কিছু ইয়াবা এবং গ্রেনেডের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়েছে। সাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনিসুজ্জামান জানান, গত মাসে রূপসায় নিহত কালা রনি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ছিলেন সাব্বির। তিনি বলেন, হামলাকারী ও হামলার শিকার উভয় গ্রুপই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *