চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনা পরীক্ষার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা জেলা হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকালে হাসপাতালের নতুন ভবনে করোনা পরীক্ষার উদ্বোধন করা হয়। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদসহ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, প্রথমদিন যে কয়জন রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে তাদের রেজাল্ট নেগেটিভ এসেছে। তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কেউ হাসপাতালে ১০০ টাকা ফি দিয়ে করোনা পরীক্ষা করতে পারবে। মাত্র ১২-১৫ মিনিটের মধ্যে করোনার রিপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে। করোনা রোগীদের জন্য দুইটি ওয়ার্ড প্রস্তত রাখা হয়েছে। এখানে নারী ও পুরুষের জন্য ৫টি করে মোট ১০টি বেড রয়েছে। এছাড়া পর্যাপ্ত অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, ২০২১-২২ সালে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। সে সময় আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৪ রোগী, আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৭ হাজার। সকলকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ।

Leave a Reply