নওগাঁয় স্থানীয়দের উদ্যোগে এক কিলোমিটার রাস্তা সংস্কার
নওগাঁর রাণীনগরে দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হওয়া এক কিলোমিটার গ্রামীণ রাস্তা স্থানীয়দের উদ্যোগে সংস্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতার আর্থিক সহায়তায় এবং গ্রামবাসীর অংশগ্রহণে এই রাস্তাটি সংস্কার করা হয়। কয়েকদিন আগে নওগাঁ-জামালগঞ্জ প্রায় ২০ কিলোমিটার সড়কের রাণীনগর উপজেলার ভক্তের মোড় থেকে মিরাট ব্রিজ পর্যন্ত এই সড়কটি ইট বালি দিয়ে সংস্কার করে যাতায়াতের উপযোগী করা হয়েছে। স্থানীয়রা জানায়, ১৭ বছর যাবৎ নওগাঁ-জামালগঞ্জ সড়কটি সংস্কার না হওয়ায় ৫-৬ বছর ধরে রাণীনগর উপজেলার ভক্তের মোড় থেকে মিরাট ব্রিজ পর্যন্ত সড়কটির বেহাল দশা হয়ে যায়। ইট উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খালের সৃষ্টি হওয়ায় সড়কটি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমন অবস্থায় এই সড়কে যাতায়াতকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, রিকশাভ্যানের চালক, যাত্রী, মোটরসাইকেল আরোহী ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছিল। সরকারিভাবে রাস্তা সংস্কারের জন্য বহুবার আবেদন করেও কোনো ফল পাইনি। অবশেষে রানীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার আর্থিক সহায়তা দেন এবং স্থানীয় বাসিন্দারা বিনা পারিশ্রমিকে রাস্তা সংস্কারের কাজ করেন। স্থানীয়রা আরও জানান, এই গ্রামীণ সড়ক দিয়ে প্রতিদিন নওগাঁ থেকে রাজশাহী, বাগমারা, নাটোর, বান্দাইখারা, রাণীনগর ও আত্রাইসহ আশেপাশের হাটবাজারে বিভিন্ন যানবাহন যাতায়াত করে। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতের কোন ব্যবস্থা নেয়া হয়নি, ফলে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি খোয়া, বালু ও ভাঙা ইট দিয়ে সংস্কার করা হয়েছে। এখন এলাকার শিক্ষার্থী, রিকশাভ্যান চালক, যাত্রী ও ব্যবসায়ীসহ সকলের উপকার হবে। রানীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও সমাজকর্মী রাসেল সরকার বলেন, উপজেলার ভক্তের মোড় থেকে মিরাট ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটি সংস্কার করার জন্য এলজিইডি অফিসে বার বার ধরনা দিয়েও কোন কাজ হয় নাই। অবশেষে স্থানীয়দের অনুরোধে আমি আর্থিক সহায়তা দেই। পরে স্থানীয় লোকজন ও রিকশাভ্যান শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি যাতায়াতের উপযোগী করা হয়েছে। এখন এলাকার মানুষ যাতায়াতে দুর্ভোগ অনেকটাই কমবে। এ ব্যাপারে নওগাঁর এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, আগামী অর্থবছরে প্রকল্প নিয়ে ওই সড়কটি সংস্কার করা হবে।

Leave a Reply