বিমানে যান্ত্রিক ক্রটি ॥ দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ ॥ রক্ষা পেলেন ৩৮৭ যাত্রী
হজযাত্রী নিয়ে আসা একটি বিমান যান্ত্রিক ক্রটির কবলে পড়ে দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই ফ্লাইটে মোট ৩৮৭ জন হজযাত্রী নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামে আসা হজ যাত্রীবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের পর রানওয়েতে যান্ত্রিক ক্রটির কারণে আটকে পড়ে। এতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। পরে বিমানটিকে সরিয়ে অন্যত্র নিয়ে গেলে পুরোদমে সচল হয় বিমানবন্দর। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি যান্ত্রিক ক্রটির কারণে থেমে যায়। সকাল ১১টা ২০ মিনিটে বিমানটিকে টাগকারের (টোইং ভেহিকল) মাধ্যমে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমানটি নামার পরই যান্ত্রিক ক্রটি ধরা পড়ে। এঘটনায় রানওয়ে সাময়িক বন্ধ থাকলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফ্লাইটে থাকা সব হজযাত্রীই নিরাপদে আছেন।

Leave a Reply