একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনেই দেশ সঠিক পথে অগ্রসর হবে-মির্জা ফখরুল
আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল ১০টার দিকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রত্যাশা, অন্তবর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে। সোমবার সকাল ৯টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান। এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ দলীয় নেতারা মির্জা ফখরুলকে স্বাগত জানান। সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে, তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকে। দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারও প্রাণহানি ঘটেছে। বিএনপি মহাসচিবের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ অন্যরা। বিএনপি মহাসচিব দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামীলীগের নারকীয় হত্যাকাণ্ডের শিকার সিলেট জেলার সকল শহীদ পরিবারের সদস্যদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply