দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে ৩০ দিনের মধ্যে তাঁর চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত তাঁকে কাজে যোগদানের ব্যবস্থা করার পাশাপাশি তাঁর সকল পাওনা বেতন ও সুযোগ-সুবিধা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন। বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শরীফ উদ্দিনের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন। শরীফ উদ্দিনের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান দোলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রামের একটি প্রকল্পে ভূমি অধিগ্রহণ নিয়ে অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রের অর্থ অপচয় বিষয়ে ২০২২ সালে প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই শরীফকে দুদক নানাভাবে হয়রানি করে। একাধিকবার তাঁকে শোকজ করা হয় এবং পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি ন্যায়বিচার পেয়েছেন। রায়ের প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেন, সাড়ে তিন বছরের আইনি লড়াইয়ের পর চাকরি ফিরে পেয়ে তাঁর সব কষ্ট দূর হয়ে গেছে। উল্লেখ্য, শরীফ উদ্দিন ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক থেকে বরখাস্ত হয়েছিলেন। তিনি ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দুদকের উপ-সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন অভিযোগের তদন্ত চালিয়ে আলোচিত হয়েছিলেন। সেখান থেকে তাঁকে পটুয়াখালীতে বদলি করা হয় এবং পরে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি ফিরে পেতে তিনি গত বছরের ৭ আগস্ট দুদকের সচিবের কাছে আবেদন করেছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *