মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয় এই বিক্ষোভ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জোহা চত্বরে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, “আমার সোনার বাংলায়, খুনিদের ঠাঁই নাই”, “চাঁদাবাজের ঠিকানা, এই বাংলা হবে না”, “জনে জনে মানুষ মরে, ইন্টেরিম কি করে?”, “লীগ গেছে যেই পথে, যুবদল যাবে সেই পথে” ইত্যাদি। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “জুলাইয়ের পর থেকে আমরা বারবার দুটি সংস্কার চেয়ে এসেছি, মিডিয়া ও প্রশাসনিক সংস্কার। অথচ এই হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনা ঘটার ৪৮ ঘণ্টা পর আমাদের তা জানতে হয় কেন? আমরা এমন রাষ্ট্র চাই না যেখানে সত্য গোপন করে রাজনীতি হয়।” তারা আরও বলেন, “চাঁদাবাজিকে কেন্দ্র করে যারা একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছে, তারা যদি ক্ষমতায় আসে, তবে তাদের পথ রুখে দেবে এই জুলাই প্রজন্মই। আর কোনো দল-বিএনপি, জামায়াত বা অন্য কেউ-বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে পারবে না, যদি জুলাই প্রজন্ম বেঁচে থাকে।” শিক্ষার্থীরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *