রাজশাহীতে বিএনপি’র মঞ্চে শ্রমিকলীগ নেতা! তৃণমূলে ক্ষোভ
রাজশাহীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে নেসকো’র বিদ্যুৎ শ্রমিক লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলামের উপস্থিতি নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। এক সময়ের আওয়ামী ঘরানার এ নেতার বিএনপির কেন্দ্রীয় নেতার পেছনে দাঁড়িয়ে ছবিতোলা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে সংগঠনের আদর্শ ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। ঘটনাটি ঘটে শনিবার (১২ জুলাই) দুপুরে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রধান বক্তা ছিলেন, রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ শাহীন শওকত। সদস্য ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। বিতর্কটি চরমে ওঠে যখন নেসকো বিদ্যুৎ শ্রমিকলীগ-যা আওয়ামী লীগের ঘনিষ্ঠ সংগঠন হিসেবে পরিচিত-এর রাজশাহী কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলামকে মঞ্চে কেন্দ্রীয় নেতার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ছবি ছড়িয়ে পড়তেই ফেসবুকসহ নানা প্ল্যাটফর্মে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, সিরাজুল ইসলাম ছিলেন ২০২৩ সালের নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অনুমোদিত রাজশাহী কমিটির সহ-সভাপতি। ওই কমিটিতে সভাপতি ছিলেন মোমিন আলী, সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আজমল হোসেন এবং উপদেষ্টা হিসেবে ছিলেন হুমায়ুন কবির, রেজাউল হাসান, মাসুম খাঁন ও মো. জাহাঙ্গীর রহমান। এদের অনেকেই এখন বিএনপির শ্রমিক সংগঠনে সক্রিয়। তাদের অভিযোগ, জুলাই বিপ্লব’ পরবর্তী রাজনৈতিক মোড় পরিবর্তনের সুযোগে তারা বিএনপি শ্রমিক সংগঠনে স্থান করে নেন। এ নেতারা কেন্দ্রীয় শ্রমিক দলের-ঘনিষ্ঠ নেতাদের ‘ম্যানেজ’ করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কমিটি অনুমোদন করিয়ে নিয়েছেন। আর এই পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা করছেন মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সহ-সভাপতি আব্দুল বারেক শেখসহ কয়েকজন সুবিধাভোগী নেতা, যারা অতীতে আওয়ামীলীগ ঘরানার রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তারা দাবি করেন, এসব ব্যক্তিরা আজ আদর্শ বিসর্জন দিয়ে ব্যক্তিস্বার্থে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছেন এবং নেসকোর অভ্যন্তরে পুনরায় দুর্নীতির চক্র গড়ে তুলছেন। রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বিষয়টি আমাদের দেখার নয়। কেন্দ্রীয় কমিটি যাদের দায়িত্ব দিয়েছে, তারাই দেখবে। আমরা কমিটি দিই না, শুধু বিষয়টি কেন্দ্রকে জানিয়েছি। রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ শাহীন শওকত বলেন, আমি বিষয়টি খেয়াল করিনি এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে চিনি না। বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এত বড় সমাবেশে কে কোথা থেকে এসেছে এবং কার মাধ্যমে এসছে তা সবসময় পর্যবেক্ষণ করা সম্ভব হয়না। যদি কেউ এমন ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দেয়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply