চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামী আটক
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কালীনগর বাজার ইংলিশ মোড় থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর দড়পাড়ার মৃত মোসলেম ওরফে মুসলিম এর ছেলে মোঃ মংলু (৫০)। র্যাবের প্রেসনোটে সোমবার সকালে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মংলু কে ১৩ জুলাই বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কালীনগর বাজার ইংলিশ মোড় এলাকা হতে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে ২০২০ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়। মামলার পর আসামী নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে ৩ (তিন) বছরের কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। আসামীকে গ্রেফতারে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। প্রেক্ষিতে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply