মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৪৫ জনের তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর

মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৪৫ জনের তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ সাথে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৫ অক্টোবর। ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ রোববার এ আদেশ দেয়। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু; সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান; সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক; সাবেক এমপি সোলায়মান সেলিম; সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন; অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম। গত ২০ এপ্রিল প্রধান কৌঁসুলি এম তাজুল ইসলাম শুনানিতে বলেছিলেন, এই মামলায় ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গত ১৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ সঙ্গে তাদের জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনাল গঠন করেছিল আওয়ামীলীগ সরকার। এখন ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। উল্লেখ্য, গত ৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অর্ধশতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীদের অনেককে এসব মামলার আসামি করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *