স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি ॥ কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি ॥ কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে গোপালগঞ্জ। রাস্তায় জনসমাগম বাড়তে শুরু করেছে এবং জনমনে কিছুটা স্বস্তি এসেছে। তবে গ্রেপ্তার আতঙ্কে যুবক শ্রেণী ছাড়াও বয়স্ক লোকজন এলাকা ছেড়ে অন্যত্র পালিয়েছে। রোববার সন্ধ্যা রাত সাড়ে ৭টায় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরের বিভিন্ন ওষুধের দোকান, খাবারের দোকানসহ বিভিন্ন দোকান খুলতে শুরু করেছে। তবে অনেকেই গ্রেপ্তার আশঙ্কায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে সাহস পাচ্ছেন না। ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত খুলেছে। তবে লোকজনের উপস্থিতি কম। অনেকেই তাদের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে ভয় পাচ্ছেন। উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের শতশত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ যুবক নিহত ও পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হত্যা মামলাসহ মোট ৮টি মামলা হয়েছে।এতে ৮ হাজার ৪শ’ জনকে আসামি করা হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে ৩১০ জনকে। শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। তবে ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়। রোববার জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *