রাজশাহীতে ৩৫ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
রাজশাহীর উন্নয়নে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়। জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকায় মোট ১২টি গরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাজশাহী সার্কিট হাউসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখযোগ্য এসব উন্নয়ন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। এগুলো বাস্তবায়ন হলে রাজশাহীর শিক্ষা, যাতায়াত, বাজার ব্যবস্থাপনা ও কৃষি সেচ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে-তানোর উপজেলার কাশেম বাজার থেকে বায়া রাস্তা প্রশস্তকরণ, যা স্থানীয় জনগণের চলাচলে নতুন দিগন্ত খুলে দেবে। রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন, শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের নতুন দৃষ্টান্ত। গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার দীর্ঘ পান্তাপাড়া-কদমশহর ভাগাইল সেতু নির্মাণ কাজ, যা দুই এলাকার মধ্যে সংযোগ স্থাপন করবে। বাগমারা উপজেলার একতলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমি সেবায় গতিশীলতা আনবে। পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত দ্বিতীয় মার্কেট ভবন, স্থানীয় ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ। মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, শিক্ষার্থীদের নিরাপদ ও উপযুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে। গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন। বাগমারা উপজেলার বীরকুৎসা হাটের দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। বাঘা উপজেলার চক ছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন। চারঘাট উপজেলার নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজের উদ্বোধন, যা কৃষি জমির সেচে সহায়ক হবে। হড়গ্রাম নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলা ভবন, রাসিকের আওতাধীন। রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের উদ্বোধন, ধর্মীয় এবং সামাজিক কার্যক্রমে বড় ভূমিকা রাখবে। উদ্বোধনকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজশাহীর উন্নয়নের জন্য আমরা সমন্বিত উদ্যোগ নিয়েছি। এসব প্রকল্প শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও সহায়ক হবে। স্থানীয়দের প্রত্যাশা, এসব প্রকল্পের কাজ সঠিক সময়ে এবং মানসম্মতভাবে সম্পন্ন হলে রাজশাহীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
Leave a Reply