বিপৎসীমার উপরে তিস্তার পানি ॥ বহু মানুষ পানিবন্দি
অতিরিক্ত বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আবারও লালমনিরহাট জেলার তিস্তার বাম তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা ৫২.২৬ মিটার রেকর্ড করা হয়, যা বিপৎসীমার ৫২.১৫ মিটারের চেয়ে ১১ সেন্টিমিটার বেশি। এরপর সকাল ৯টার মধ্যে পানি আরও বেড়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও এখনও স্বল্পমাত্রার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে। তিস্তায় পানি বাড়ার কারণে কারণে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এর মধ্যে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারী, সিন্দুর্না, হলদিবাড়ী ও ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, শৈলমারী, নোহালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, বাহাদুরপাড়া, পলাশী এবং সদর উপজেলার খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা ইউনিয়নের নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। ভূক্তভোগীরা জানিয়েছেন, চরাঞ্চলের রাস্তা-ঘাট ও বসতবাড়ি ডুবে গেছে। গবাদি পশু, শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। পশুপাখি, শিশু, বৃদ্ধ আর প্রতিবন্ধীদের নিয়ে আমরা চরম বিপাকে আছি। এখনো কেউ খোঁজ নেয়নি, ত্রাণ পাইনি। লালমনিরহাট জেলা প্রশাসন সুত্র জানায়, পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
Leave a Reply