ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো ইউকেএম

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো ইউকেএম

মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বুধবার (১৩ আগষ্ট) সকালে কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন অধ্যাপক ইউনূস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বক্তব্য দেন। সকালে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ’ অধ্যাপক ইউনূসকে এ সম্মাননা দেয়া হয়েছে। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার (১১ আগস্ট) কুয়ালালামপুরে পৌঁছান। চট্টগ্রামের সন্তান ইউনূস তার ১৯৭২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও তিনি পালন করেছেন। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ২৮ বছর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউনূস। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের চেষ্টার স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা মুহাম্মদ ইউনূসকে দেশের হাল ধরার প্রস্তাব দিলে তাদের আহ্বানে সাড়া দিয়ে মুহাম্মদ ইউনূস ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *