জাতীয় মৎস্য সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে র্যালি-আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তের মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলী ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফাসহ অন্যরা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. এলিজা খাতুন। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে মাছ উপযোগী পুকুর রয়েছে ১০ হাজার ২৪২টি, মৎস্যচাষি ৫ হাজার ৫৫৪ জন এবং নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা ১১ হাজার ৩৫৪ জন। ২০২৩-২৪ অর্থবছরে জেলায় মাছ উৎপাদন হয়েছে ২৩ হাজার ১৭৪ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় ২ হাজার ৭০৮ মেট্রিক টন কম। তিনি আরও উল্লেখ করেন,

এ জেলায় ৬৩টি বিল ও ৬৯টি প্লাবনভূমি আছে, যা বর্ষাকালে কয়েক হাজার হেক্টর জলাশয়ে রূপ নেয়। আলোচনা সভায় বক্তারা মাছের অভয়াশ্রম সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই উৎপাদনের জন্য ইলিশসহ দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রমগুলোকে অক্ষত রাখতে হবে। এছাড়া ধান উৎপাদন ব্যাহত হয় এমন স্থানে মাছ চাষ না করার ওপরও জোর দেন তারা। অনুষ্ঠানে মাছ চাষে বিশেষ অবদান রাখায় সদর উপজেলার মোঃ তাসেম আলী, খাচায় মাচ চাষে আজাদ আলী, ভোলাহাটের মোঃ আশরাফুল ইসলাম সাকিম কে সফল মৎস্যচাষি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। নবাব মৎস্য খামারের স্বত্বাধিকারী আলহাজ্ব আকবর হোসেন ও তাশেম আলী মাছ চাষের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

শেষে শ্রেষ্ঠ মৎস্যচাষিদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়। এভাবেই মাছ উৎপাদনে ঘাটতি কমিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে চাহিদা পূরণের তাগিদ দেন বক্তারা। এসময় জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, বিভিন্ন স্থানের মাছ চাষী, মাছ ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply