স্বৈরাচার আ’লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-রিজভী

স্বৈরাচার আ’লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-রিজভী

নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসাথে তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে বলেন, বাংলাদেশের জনগণ এই পদ্ধতির জন্য প্রস্তুত নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু স্বৈরাচার আওয়ামীলীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতি নিয়ে রিজভী বলেন, জনগণ এ ধরনের নির্বাচনী পদ্ধতির জন্য প্রস্তুত নয়। বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়েই সন্দেহ থেকে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে তিনি বলেন, সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। ছাত্র প্রতিনিধিরা থাকলেই শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা টিকে থাকে। নীলফামারীতে আওয়ামীলীগ আমলের নিষ্ঠুরতা উল্লেখ করে রিজভী বলেন, গত ১৬ বছরে নীলফামারীতে আন্দোলন করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। একজন মন্ত্রীর নির্দেশে গোটা জেলাকে রক্তাক্ত প্রান্তরে পরিণত করা হয়েছে। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম-সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *