বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচনে অংশ নেবে না এনসিপি-আখতার হোসেন

বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচনে অংশ নেবে না এনসিপি-আখতার হোসেন

নতুন সংবিধান প্রণয়ন ও ‘জুলাই সনদ’ কার্যকর না হলে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি মনে করে, বিদ্যমান সংবিধানের অধীনে কোনো নির্বাচন হলে তাতে দেশের মানুষের নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে না, বরং দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে যায়।
শনিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, “আমরা মনে করি বাংলাদেশে যে নির্বাচন হবে তার মাধ্যমে এদেশের মানুষ একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে। এই আকাঙ্ক্ষা যদি নির্বাচনের মাধ্যমে পূরণ না হয়, তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে থাকে না।” তিনি বলেন, “আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। যদি সরকার নতুন সংবিধান ও জুলাই সনদের বিষয় অপরিপূর্ণ রাখে এবং তা বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এনসিপির সংশয়ের জায়গা রয়েছে।” আখতার হোসেন আরও বলেন, আসন্ন নির্বাচন ফেব্রুয়ারি বা তার আগেও অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরন কী হবে, তা জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। তিনি বলেন, “আমি যদি বিদ্যমান সংবিধানকে বহাল তবিয়তে রেখে সামনের নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে ওই সংবিধানের মধ্য দিয়ে এদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে যায়। এ কারণেই আমাদের দাবি, আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে।” তিনি আরও বলেন, নতুন সংবিধানের বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে যদি সামনের নির্বাচন আয়োজন করা হয়, তাহলে এনসিপি যেকোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। আখতার হোসেন আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো কেবল সংসদ নির্বাচনের কথা বলছে। তবে সংস্কার প্রস্তাবনাগুলো যদি পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেগুলো বাস্তবায়ন হবে কি না— তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ কারণেই আমরা নতুন সংবিধানের দাবি জানিয়েছি, যা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জাতিকে উপহার দেওয়া যেতে পারে। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *