রাকসু নির্বাচন ॥ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি ছাত্রদলের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ছাত্রদল। এ দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে করেন। সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, যে ভোটাধিকারের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, সেই অধিকার কেড়ে নিতে অভ্যুত্থানের পর কিছু ভিন্ন চরিত্রের শিক্ষককে প্রশাসনে বসানো হয়েছে। পরিকল্পিতভাবে হাজারো শিক্ষার্থীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রাকসু নির্বাচনে প্রশাসন ‘বিতর্কিত ও মেরুদণ্ডহীন’ শিক্ষককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবন বলেন, শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তারা রাকসু ফি দিয়েই ভর্তি হয়। অথচ এই প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে চরম বৈষম্য। এর আগে ২৫ অগাস্ট প্রথম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর, ছবিসহ ভোটার তালিকা তৈরি, আবাসিক হলের সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছিল ছাত্রদল। এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। চতুর্থবারের মতো সংশোধিত তফসিল অনুযায়ী ৩১ অগাস্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৬ থেকে ৭ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। আর সেদিনই ফল ঘোষণা করা হবে।
Leave a Reply