রোজার আগে নির্বাচন ॥ ৬০ দিন আগে তফসিল ঘোষণা-আখতার আহমেদ

রোজার আগে নির্বাচন ॥ ৬০ দিন আগে তফসিল ঘোষণা-আখতার আহমেদ

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সময় তিনি এ কথা বলেন। আখতার আহমেদ জানান, নির্বাচনের জন্য ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবর পর্যন্ত চলবে। নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, “প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটার রাখার পরিকল্পনা রয়েছে। ভোটের ৩০ দিন আগে এই সংখ্যা প্রকাশ করা হবে।” তিনি আরও জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণের শুনানি শেষ হয়েছে এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা চূড়ান্ত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ইসি’র বৈঠকে এই রোডম্যাপ অনুমোদন করা হয়।
ইসি সূত্র জানায়, রোডম্যাপে আইন সংস্কার, নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী ক্রয়, প্রবাসী ভোটাধিকার, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণের সময়সূচী উল্লেখ রয়েছে। তবে তফসিল ঘোষণা ও ভোটের তারিখ রোডম্যাপে অন্তর্ভুক্ত নেই।
ইসি সচিব বলেন, গণপরিষদ ও গণভোট নিয়ে কোনো পরিকল্পনা নেই। আসন্ন নির্বাচনের যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় ইসি প্রস্তুত আছে।বর্তমানে সংসদ নির্বাচনের বাইরে অন্য কিছু ভাবছে না কমিশন। ভোটে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোটে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।’ ‎এদিকে, নির্বাচনে হেলিকপ্টারের প্রয়োজন হলে তফসিল ঘোষণার দুই মাস আগে জানাতে হবে বলে রোডম্যাপে উল্লেখ করা হয়েছে। ‎ইসি রোডম্যাপে জানিয়েছে, তফসিল ঘোষণার দুই মাস আগে হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে-এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিসার্ট, যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য জেলা নির্বাচন অফিসার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হবে। ‎এছাড়া, তফসিল ঘোষণার ১০ দিন আগে নিকটবর্তী টেইক অফ ও ল্যান্ডিং স্টেশন নির্দিষ্ট করে সম্ভাব্য ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যার ভিত্তিতে যাতায়াতের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নির্ধারণ করে হেলিকপ্টার সহায়তা সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করতে হবে। ‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *