চাঁপাইনবাবগঞ্জের আলোচিত ইউপি চেয়ারম্যান মাদক সম্রাট টিপু সাময়িক বরখাস্ত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা, হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মূল হোতা চিহ্নিত মাদক সম্রাট মো. শাহীদ রানা টিপুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি মামলার অভিযোগপত্র আদালত আমলে নেয়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. নূরে আলম গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। তবে বিষয়টি মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাহীদ রানা টিপুর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২০২৩ সালের ২৫ এপ্রিল দায়ের একটি মামলার (নং ৩৪) অভিযোগ পত্র আমলী আদালত আমলে নেয়। পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক। এর পরিপ্রেক্ষিতে শাহীদ রানা টিপুকে সাময়িক বরখাস্ত করা হলো। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, শাহীদ রানা টিপু চারটি হত্যা মামলার আসামি। এর মধ্যে তিনটি মামলাতেই প্রধান আসামি তিনি। এছাড়াও ককটেল বিস্ফোরণসহ অন্যান্য অপরাধেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা- বলেন, শাহীদ রানা টিপুর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন। একটি মামলা পুলিশের তদন্তাধীন রয়েছে। পুলিশের কাছেও তিনি পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক রয়েছেন।

Leave a Reply