বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত এই দলটি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে আসছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার দুপুরে কোর্ট মাঠ চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফয়জুন্নেছা পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, মো. সাখাওয়াত হোসেন সাখা, তায়েজুল ইসলাম, শারফুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার ইউসুফ আলী প্রমুখ।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। বুধবার দুপুর ১টায় চেয়ারম্যান মার্কেট থেকে একটি মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম ভুইয়া রেনুর সভাপতিত্বে এবং ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, মো. কাদির মিয়া, সাবেক সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরী, সহ-সভাপতি একেএম খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহে আলম এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজদু মিয়া। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বুধবার সকাল ১১টায় বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকারের সঞ্চালনায় সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-উদ্দেশ্য এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি মুক্তবাজার অর্থনীতির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন।” তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রস্তাব দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের রূপরেখা দিয়েছেন।” তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে রক্ষার একমাত্র দল হিসেবে জনগণের প্রত্যাশার প্রতীক।” বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় দলটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর থেকে উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *