চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দেশের সার্বিক উন্নয়নে সাক্ষরতা ও দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষসহ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিভিন্ন স্তরের কর্মকর্তা। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই পরিকল্পনার অংশ হিসেবে দেশের ৬৪টি জেলার মতো চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন বিদ্যালয় থেকে ঝরে পড়া ৮-১৪ বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে। এই কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং কর্মজীবী শিশুদের উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি শিক্ষার সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীর জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে বলে আশা করা য়ায়। এই উদ্যোগের ফলে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষ অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তারা। সাক্ষরতা এবং শিক্ষা একে অপরের পরিপূরক। একটি দেশের উন্নয়নের সাথে সাক্ষরতার হার সরাসরি সম্পর্কিত। সাক্ষরতা মানুষকে দক্ষ মানবসম্পদে পরিণত করে এবং কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করে। দারিদ্র্য হ্রাস, শিশু মৃত্যু রোধ এবং সামাজিক উন্নয়নেও সাক্ষরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ। সরকার দেশের সকল নাগরিককে শিক্ষার সুযোগের আওতায় আনতে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘উপানুষ্ঠানিক শিক্ষা আইন-২০১৪’ এবং এসডিজি-৪ এর লক্ষ্যমাত্রা পূরণের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

Leave a Reply