চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কেটে সোহেল (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন লাইনের সিগনালের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এদিনও তিনি মাদক সেবনের উদ্দেশ্যে রেলস্টেশন এলাকায় যান বলে এলাকাবাসীর ধারণা। রাত আনুমানিক ১১টার দিকে একজন ব্যক্তি রেলস্টেশনে এসে সহকারী স্টেশন মাস্টার রোজদার আলীকে জানান, সিগনালের কাছাকাছি রেললাইনের ওপর ট্রেনে কাটা একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এবং চুয়াডাঙ্গা জিআরপি (রেলওয়ে পুলিশ) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সহকারী স্টেশন মাস্টার রোজদার আলী জানান, রাত ৯টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে রকেট মেইল ট্রেনটি যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দুই ট্রেনের যেকোনো একটির ধাক্কায় সোহেলের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply