৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কম্পিউটার ল্যাব অপারেটরদের স্মারকলিপি প্রদান
মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটরদের পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য নিরসনসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয় কম্পিউটার ল্যাব অপারেটর ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপরে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ এর মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয় কম্পিউটার ল্যাব অপারেটররা। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর কাছে স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর জেলা কমিটির সভাপতি মিলন সাহা। সাধারণ সম্পাদক মোঃ মেহেরুজ্জামান টুটুল, সহ-সাধারণ সম্পাদক উম্মেদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, সহ-কোষাধ্যক্ষ মোঃ রাকিবুল ইসলাম, তথ্য সম্প্রচার সম্পাদক মোঃ নূর নবী, মোঃ মেহেদী হাসান, আব্দুল কাদের জীলানিসহ অন্যরা।

স্মারকলিপিতে বলা হয়, একই যোগ্যতায় কেউ কর্মকর্তা, আবার কেউ কর্মচারী হিসেবে চিহ্নিত হওয়া চরম বৈষম্যমূলক। যেমন-ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা বর্তমানে ল্যাব অপারেটর হিসেবে ১৬তম গ্রেডে কর্মরত থাকলেও, একই ডিগ্রিধারী আইসিটি শিক্ষক বা ট্রেড ইন্সট্রাক্টররা ১০ম গ্রেড পাচ্ছেন। এতে আরও উল্লেখ করা হয়, পদবী কম্পিউটার ল্যাব অপারেটর হলেও অনেক ক্ষেত্রে ল্যাব সম্পর্কিত কাজে সীমাবদ্ধ রাখা হয় না; বরং অন্যান্য কাজে ব্যবহারের কারণে ল্যাবের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এতে সরকারের কোটি কোটি টাকার কম্পিউটার ও ল্যাপটপ অকেজো হয়ে পড়ছে। দাবিগুলো হচ্ছে, ১. সরকারি সিদ্ধান্ত মোতাবেক ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেডে উন্নীতকরণ। ২. এইচএসসি (বিজ্ঞান/আইসিটি) পাশদের প্রয়োজনে উচ্চ ডিগ্রি/প্রশিক্ষণের সুযোগ দিয়ে একই গ্রেডে পদায়ন। ৩. পদের নাম পরিবর্তন করে ‘কম্পিউটার ল্যাব ইন্সট্রাক্টর’ করা। ৪. ল্যাব পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা।

৫. ভবিষ্যতে পদটি শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারণ। স্মারকলিপিতে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রজ্ঞাপন উদ্ধৃত করে বলা হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের “উপসহকারী প্রকৌশলী” সমতুল্য মর্যাদা এবং ২য় শ্রেণীতে নিয়োগের বিধান আছে। তাই বিদ্যালয়ে কর্মরত কম্পিউটার ল্যাব অপারেটরদেরও সেই সুবিধা প্রদান জরুরি। চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি জানিয়েছে, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার মানোন্নয়নে কম্পিউটার ল্যাবগুলোকে সচল ও কার্যকর রাখতে হলে পদবী পরিবর্তন, পদোন্নতি এবং বৈষম্য নিরসন ছাড়া কোনো বিকল্প নেই। উল্লেখ্য সারাদেশে সকল জেলায় এ কর্মসূচি পলিত হয়।

Leave a Reply