পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ
পঞ্চগড়ের বোদা উপজেলায় ভালনারেবল উইম্যান বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে প্যানেল চেয়ারম্যান তইবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চন্দনবাড়ি ইউনিয়নবাসীর ব্যানারে ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের মধ্যে ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতি করেছেন। সচ্ছল ও অনেক সম্পদশালী ব্যক্তিরা কার্ড পেয়েছেন। প্রতিকার্ডে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন তিনি। যারা টাকা দিতে পারেন নি তাদের কার্ড দেয়া হয়নি। অবিলম্বে নতুন তালিকা করে অসচ্ছল ও অসহাদের কার্ড বিতরণের দাবি করেন বক্তারা। পরে প্যানেল চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং বিচারের দাবিতে বিক্ষোভ করেন মানববন্ধনকারীরা। পরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply