চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলায় রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক দয়রা জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সোহাগ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দরিনারিচা গ্রামের মাইন বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ২২ নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বুলনপুর মালপুকুর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায় র্যাব। এসময় একটি ইজিবাইকের গতিরোধ করে চালক রাব্বি বিশ্বাস ওরফে সোহাগের দেহ তল্লাশী করে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে র্যাবের এস.আই নিখিল চন্দ্র সরকার বাদী হয়ে অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রাব্বি বিশ্বাস ওরফে সোহাগকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply