জামায়াতের পিআর পদ্ধতি দাবি ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব পড়বে না-চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কমিশনার

জামায়াতের পিআর পদ্ধতি দাবি ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব পড়বে না-চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জামায়াতের পক্ষ থেকে উত্থাপিত পি.আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে প্রভাবিত করবে না। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আইন অনুযায়ী কমিশন তার দায়িত্বপালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। আইনের বাইরে গিয়ে কোনো কাজ করার এখতিয়ার কমিশনের নেই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহীদ সাটু হল অডিটোরিয়ম চাঁপাইনবাবগঞ্জ এ নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার। কর্মশালাটি আয়োজন করে সিবিটিইপি প্রকল্প। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ আইনানুগভাবে পরিচালিত হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করার সুযোগ নেই। আমরা মনে করি, নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সবসময় প্রস্তুত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, আমরা অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি। খুব নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে, পূর্বের নির্বাচনে যারা অবৈধ কাজে জড়িত ছিলেন, তাদের ভবিষ্যতে কোনো নির্বাচনি দায়িত্বে রাখা হবে না।

নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব পালনে যাতে কোনো প্রকার অনিয়ম না ঘটে, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকবে কমিশন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভোটগ্রহণের দিন মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। কর্মশালায় প্রশিক্ষকরা ভোটগ্রহণ প্রক্রিয়ায় সম্ভাব্য চ্যালেঞ্জ, তা মোকাবেলার কৌশল, এবং দায়িত্ব পালনের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন। চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত এই কর্মশালার মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি আরও সুসংহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা। সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক কর্মকর্তা (চ.দা) মোঃ আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোঃ আজাদুল হেলাল। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *