রংপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ নিহত-৩

রংপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ নিহত-৩

রংপুর নগরীতে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিকআপভ্যানের সহকারী আরিফ হোসেন (২০), যাত্রী শাহিনা বেগম (২৮) এবং তার এক বছরের শিশু সন্তান ওয়ালিদ হোসেন স্বাধীন। নিহত আরিফ নগরীর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে। শাহিনা বেগম রংপুরের পীরগাছার সাতদরগা এলাকার বাসিন্দা। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা ব্রিজের একটু আগে মাহিগঞ্জগামী একটি পিকআপভ্যান ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী বালুবোঝাই ট্রাকটি পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা তিনজন নিহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত চালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহিনা বেগমের দেবর ও তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *