বাগাতিপাড়ায় ডিভোর্সী স্ত্রীকে বিয়ে ॥ বর্তমান স্বামীর বাড়ীতে অগ্নিসংযোগ সাবেক স্বামীর
নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে পুনরায় বিবাহ করায় পূর্বের স্বামীর বিরুদ্ধে বর্তমান স্বামীর বসতবাড়িতে দুই দফা আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এতে গোয়ালঘরে থাকা দুটি ষাঁড় গরু পুড়ে মারা গেছে এবং একজন গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রখইর গ্রামের বাসিন্দা মোঃ লুৎফর রহমান (৪৫) গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মোছাঃ রুপালী বেগমকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেন। উল্লেখ্য, রুপালী বেগম প্রায় তিন বছর আগে তার প্রথম স্বামী মোঃ ইমরান আলী (৩০), সাং-ধুপইল চকপাড়া, থানা-লালপুরকে ডিভোর্স দেন। লুৎফর রহমানের অভিযোগ, রুপালীকে বিয়ে করায় তার পূর্বস্বামী ইমরান আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে খুন জখমের হুমকি দিতে থাকেন। ঘটনার সূত্রপাত ঘটে গত ২৬ সেপ্টেম্বর ভোরে। ওইদিন রাত আনুমানিক সাড়ে ৩টায় ইমরান লুৎফরের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করেন। প্রতিবেশী বিজেন দেখে ফেললে ইমরান সটকে পড়েন।
কিন্তু এর কিছুক্ষণ পর, ভোর প্রায় সাড়ে ৪টার দিকে লুৎফরের গোয়ালঘরে আগুন ধরিয়ে দেন ইমরান। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও পরদিন ২৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে আবারও আগুন হামলার শিকার হন লুৎফর। অভিযোগে বলা হয়, ইমরান আলী স্থানীয় আজাদ আলীর দোকান থেকে পেট্রোল কিনে এনে পুনরায় গোয়ালঘরে আগুন ধরিয়ে দেন। ঘুমন্ত অবস্থায় আগুনের শব্দে জেগে উঠলে লুৎফর নিজেই আগুন দেখতে পান এবং ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। ঘটনাস্থলে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়ালে থাকা দুটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। এতে আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। এছাড়া আগুন নেভাতে গিয়ে তার ভাইয়ের ছেলে মোঃ আব্দুল আলীম গুরুতর দগ্ধ হন, যাতে তার শরীরের উপরের অংশের বেশীর ভাগ পুড়ে যায়। প্রথমে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও, পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে রেফার্ড করা হয়।
এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply